মঙ্গলবার ২৭ জানুয়ারী ২০২৬ - ১৪:০০
ক্ষমতার জন্য উন্মুখ ট্রাম্প, ব্যর্থতার আশঙ্কায় দ্রুত পিছু হটেন: বেলায়েতি

ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার জন্য যতটা লালায়িত, ততই তিনি ব্যর্থতার আশঙ্কা দেখা দিলে দ্রুত পশ্চাদপসরণে প্রস্তুত থাকেন।

হাওজা নিউজ এজেন্সি: বিশ্ব ইসলামি জাগরণ পরিষদের মহাসচিব আলী আকবর বোলায়েতি এক বিবৃতিতে ঐশী অনুগ্রহ ও আধ্যাত্মিক শক্তির ওপর অটল আস্থার কথা পুনর্ব্যক্ত করেন এবং ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার দিকনির্দেশনাকে অপরিহার্য বলে উল্লেখ করেন।

ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীকে উদ্দেশ্য করে বেলায়েতি বলেন, ইমাম খোমেনী (রহ.)-এর সময় থেকে শুরু করে আয়াতুল্লাহ খামেনেয়ীর নেতৃত্বকাল পর্যন্ত বিশ্ব ইসলামি জাগরণ পরিষদ ওয়ালিয়ে ফাকীহর নীতি ও নির্দেশনাকে পরিপূর্ণভাবে অনুসরণ করে আসছে।

তিনি বলেন, ইমাম খোমেনী (রহ.) ইসলামি বিপ্লব ও ইরানকে রক্ষার পাশাপাশি বৈশ্বিক ঔদ্ধত্যর বিরুদ্ধে একটি সুস্পষ্ট ও শক্তিশালী ইসলামি অবস্থান গ্রহণ করেছিলেন; আয়াতুল্লাহ খামেনেয়ীও একই পথে সমান দৃঢ়তা ও স্পষ্টতার সাথে এগিয়ে চলেছেন।

বেলায়েতির মতে, সর্বোচ্চ নেতাই জায়নবাদী ইসরাইল ও তার মদদদাতাদের বিরুদ্ধে প্রতিরোধ অক্ষের কার্যকর প্রতিষ্ঠাতা।

বেলায়েতি আরও বলেন, পাশ্চাত্য ঔদ্ধত্যের অন্তর্নিহিত সংকটের কারণে আন্তর্জাতিক ব্যবস্থা এখন বড় ধরনের রূপান্তরের মধ্য দিয়ে চলেছে, যা পশ্চিমের প্রকৃত চরিত্র উন্মোচন করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী কালে প্রতিষ্ঠিত বহু সংস্থা, যেগুলোকে কল্যাণকর বলে চিত্রিত করা হতো, সেগুলোর কার্যকারিতা এখন ব্যাহত। এই প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প নিয়ন্ত্রণহীনভাবে কাজ করছেন।

তার মতে, ট্রাম্প ক্ষমতা, অর্থ ও বস্তুবাদের প্রতি গভীরভাবে আসক্ত এবং এসব অর্জনে যেকোনো ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে তিনি প্রস্তুত। তবে তিনি একইসঙ্গে ভীত-সন্ত্রস্তও বটে; যদি তার কোনো পদক্ষেপের পরাজয়ের সম্ভাবনা দেখেন, তাহলে তিনি দ্রুত সেখান থেকে সরে দাঁড়ান।

এ প্রসঙ্গে বেলায়েতি ট্রাম্পের ইয়েমেন-বিষয়ক নীতির উদাহরণ টানেন। তার বক্তব্য, আনসারুল্লাহর (হুথি) বিরুদ্ধে প্রথমদিকে উত্তেজনা বাড়ালেও পরে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পথ নেয়, যখন তারা বুঝতে পারে ফিলিস্তিন ও গাজার পক্ষের শক্তিগুলো কঠোর প্রতিরোধের জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্র চেষ্টা করেছিল যুদ্ধবিরতিটি আনসারুল্লাহর অনুরোধে হয়েছে বলে দেখাতে, কিন্তু পরবর্তীতে সংগঠনটির মুখপাত্র মোহাম্মদ আবদুস সালাম সেই দাবি অস্বীকার করেন।

বেলায়েতি শেষে বলেন, সর্বোচ্চ নেতার নেতৃত্বে ইরান আজ অভূতপূর্ব বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দৃঢ় ও স্থিতিশীল গতিতে এগিয়ে চলেছে, যেন এক ঐতিহাসিক জাহাজ প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যেও তার গন্তব্য অভিমুখে অবিচল রয়েছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha